রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি-বোমাবাজি

প্রকাশিত: জুন ৮, ২০২৬; সময়: ৬:২৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে নগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।

এ ঘটনায় হাতবোমার বিস্ফোরণে জনি ইসলাম (২৯) নামে এক যুবক আহত হয়েছেন। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মৌলভী বুধপাড়া এলাকায় হঠাৎ পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সঙ্গে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলের পাশে একটি মোটরসাইকেল ড্রেনে পড়ে থাকতে দেখেন। আর আহত জনি ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পর রাতেই ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তলের চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন