বাগমারায় সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

প্রকাশিত: জুন ৮, ২০২৬; সময়: ৭:১০ pm | 
খবর > রাজশাহী

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ভাইরাল হওয়া ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পরিদর্শক কমলেশ দাস নিজ দপ্তরে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করছেন। পরে তিনি খামের ভেতরের টাকা টেবিলের নিচে নিয়ে বের করে গণনা করেন এবং মানিব্যাগে রাখেন। ভিডিওতে তাকে হাসিমুখে কথা বলতে ও টেবিলের ওপর থাকা একটি লাল রঙের খাতাও দেখাতে দেখা যায়।

ভিডিওটি রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম প্রকাশিত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা যায়।

তবে ভিডিওতে অর্থ প্রদানকারী ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। এছাড়া তাদের কথোপকথনের কোনো শব্দও শোনা যায়নি।

জানা গেছে, কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারা থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগ দেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে কালবেলাকে বলেন, ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছে তা তার জানা নেই এবং অনেক সময় রেশনসংক্রান্ত কাজেও অর্থ দেওয়া হয় বলে দাবি করেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি নজরে আসার পর তাকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন