সারদায় প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এসআইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। নিহত এসআইয়ের নাম জীবন রহমান (৪৫)। তার বাড়ি নরসিংদি। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মৌলিক প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি ছিল। বিকেল পৌনে ৫টার দিকে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসআই জীবন রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জীবন রহমান ২০০৬ সালে চাকরিতে যোগদান করলেও তিনি প্রশিক্ষণ নিতে পারেননি। প্রশিক্ষণ শুরুর আগেই তিনি চাকরিচুত হয়। তবে সম্প্রতি তিনি চাকরি ফিরে পেলে মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।




