রাজশাহীতে শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় জনতার গণপিটুনিতে আহত হন অভিযুক্ত। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
সোমবার দুপুর ১টার দিকে নওহাটা এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ওই শিশু নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে ভ্যানচালক শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে তিনি আরও কয়েকবার একই ধরনের আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।
বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি তার বাবা ও স্বজনদের জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত ভ্যানচালককে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠায়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্ত ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




