বাগমারার ৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি সংসদে

প্রকাশিত: জুন ৯, ২০২৬; সময়: ৮:৪৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার প্রায় ৪৭টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর শিক্ষিত জাতি গঠনের মূল কারিগর আমাদের শিক্ষক সমাজ।”

এমপি ডা. আব্দুল বারী সরদার বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাগমারা উপজেলার প্রায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে এমপিও সুবিধা না পাওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা ও চার্জার ভ্যান চালাতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তব্যে তিনি জানান, তার প্রতিষ্ঠিত ‘আদর্শ বিএম কলেজ’-এর জেনারেল শাখা ২৬ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও এখনো এমপিওভুক্তির আওতায় আসেনি।

শিক্ষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বাগমারার সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে এমপিওভুক্ত করার দাবি জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন