নলডাঙ্গা থেকে লালমনিরহাটের অপহৃত স্কুল ছাত্রী সহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩; সময়: ১:০১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গা থেকে লালমনিরহাটের কালীগঞ্জ এলাকার অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ হৃদয় চকিদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে র‌্যাব।

বৃহস্পতিবার ভোর রাতে নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ার গ্রাম হতে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের অভিযোগে অভিযুক্ত হৃদয় চকিদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় চকিদার শরিয়তপুর জেলার জাজিয়া উপজেলার কিনাউল্লাহ মাদবরকান্দি গ্রামের মৃত লালমিয়া চৌকিদারের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১লা জানুয়ারী সকাল ৯টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার জনৈক স্বপন চন্দ্র দাসের দশম শ্রেণীর পড়ুয়া মেয়ে অপহৃত হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় গ্রেপ্তার হৃদয় সহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব-১৩, রংপুর এর সহায়তায় র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ার গ্রাম হতে অপহৃতকে উদ্ধার সহ হৃদয় চকিদারকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা আরো জানান, ভিকটিম সহ গ্রেপ্তারকৃত হৃদয়কে পরবর্তীতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন