শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে ডুবে মিমরাজ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়া এলাকার একটি নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
নিহত শিশু ওই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মিমরাজ পার্শবতী ধুমপাড়া এলাকার একটি বাজারে সেভেন আপ কিনে বাড়ি ফিরছিল।
এসময় ধুমপাড়া ব্রীজের রেলিং দিয়ে পায়ে হেঁটে যাবার সময় নদীতে পড়ে যায়। এদিকে মিমরাজের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করলে ব্রীজ সংলগ্ন লোকজনের মাধ্যমে জানতে পারে, বিকেলের দিকে নদীতে ঝাপ দেয়ার শব্দ শুনেছিলেন।
এর সূত্র ধরেই ব্রীজ এলাকায় সেভেন আপের বোতল দেখতে পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয় পরিবারের লোকজন ও এলাকাবাসী।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।
অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাবুর উপস্থিতিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করে ফায়ার সার্ভিস। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান উজ্জল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




