প্রেমের ঘটনায় ২ ইউপি সদস্য পলাতক

পদ্মাটাইমস ডেস্ক : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুই ইউপি সদস্যর মাঝে প্রেমের ঘটনায় পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এমন ঘটনা ঘটেছে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে। গত তিনদিন ধরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে। এই বিষয়ে নারী ইউপি সদস্যের স্বামী থানায় বুধবার (৫ জুলাই) থানায় অভিযোগ করেছেন।
পালিয়ে যাওয়া ইউপি সদস্যরা হলেন-ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাদ্দাম মোল্লা (৩০), একই ইউনিয়নের ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য নাজমা আক্তার।
এই বিষয়ে নাজমা আক্তারের স্বামী ইছাক মিয়া জানান, আমাদের ১৪ বছরের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। একজন ষষ্ঠ শ্রেণিতে, আরেকজন তৃতীয় শ্রেণিতে পড়ে। তারপরও সে আরেকজনের সঙ্গে উধাও হয়ে গেছে। নাজমা বেগম আমার বাড়ি থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি বলে জানান।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, এই অভিযুক্ত দুই ইউপি সদস্যকে দুইদিন খোঁজাখুজি করেও পাইনি। সে জন্য ইউএনও জানিয়েছি।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য জানান, এবেপারে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান জানান, বিষয়টি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিসিয়ালি জানলে জেলা প্রশাসক স্যারকে চিঠি দিয়ে জানাবো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।




