কংশ নদীর নৌকা ডুবিতে নিখোঁজ ৩ যাত্রী

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩; সময়: ১১:৫৯ am | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা বাজার ফেরিঘাটের কংশ নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার রাজীব উল আহসান জানান, জেলার পূর্বধলা উপজেলার জামতলা বাজার-দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ফেরিঘাটে কংশ নদী দিয়ে দুই উপজেলার লোকজন নিয়মিত যাতায়াত করে।

আজ জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এজন্য বিকাল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ি ফেরিঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে জামতলা বাজারের দিকে ইঞ্জিনচালিত একটি নৌকা রওনা দেয়।

কংশ নদীর মাঝ খানে পৌঁছা মাত্রই নৌকাটি কাত হয়ে ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। তীরে উঠে আসা যাত্রীদের দাবি এখনো তাদের তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নেত্রকোনার ফায়ার সার্ভিসের একটি টিম।

নৌকা ডুবির কথা স্বীকার করেছেন দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠেছেন। তবে তিনজন নিখোঁজ রয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন