পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩; সময়: ১২:৫৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন জামিরুল ইসলাম (৩২) এবং বাবু ইসলাম (২৫)।এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার কাশিনাথপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা কাশিনাথপুরের কাবারীখোরা গ্রামের মাসুদ মুন্সির ছেলে ও একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে । সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মোদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় কাটা পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আসে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দত্ত বলেন, এ বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন