২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডে কমানোর প্রস্তাব এমসিসির

প্রকাশিত: জুলাই ১২, ২০২৩; সময়: ১২:৫৫ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক: ২০২৭ সালের বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেট কমানোর প্রস্তাব দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ওয়ানডের মান বাড়াতে এবং ক্যালেন্ডারে জায়গা বাড়াতে এই সুপারিশ করেছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা। এছাড়া ছোট দেশগুলোকে টেস্ট খেলার সুযোগ করে দিতে তহবিল গঠনেরও চিন্তা করছে তারা।

ক্রিকেটের চলতি ২০২৩-২৭ চক্রের পর থেকে এই সিদ্ধান্ত কার্যকরের আহ্বান জানিয়েছে এমসিসি। বুধবার ডারবানে আইসিসির বৈঠক রয়েছে। সেখানে ২০২৮ সালের পর থেকে ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে। তার আগেই এমসিসির ক্রিকেট কমিটি ওয়ানডে ক্রিকেট কমানোর প্রস্তাব দিয়েছে। তবে বিশ্বকাপের আগের এক বছর কয়েকটা দ্বিপাক্ষিক সিরিজ রাখা হতে পারে।

এমসিসি ক্রিকেট কমিটির প্রধান মাইক গ্যাটিং। কমিটিতে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, এউইন মর্গ্যান, ঝুলন গোস্বামীর মতো সাবেক ক্রিকেটাররা। অ্যাশেজ সিরিজে লর্ডস টেস্টের মাঝেই সভায় বসেছিল এই কমিটি। সেখানেই ওয়ানডে ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সদস্যের কমিটির পক্ষে মাইক গ্যাটিং এক বিবৃতিতে বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট কমলে তার মানও বাড়বে। দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডে ক্রিকেট সরিয়ে দেওয়া যেতে পারে। তবে প্রতি ওয়ানডে বিশ্বকাপের এক বছর আগে থেকে সিরিজ হতে পারে। এর ফলে ক্রিকেট ক্যালেন্ডারে অপরিহার্য অনেক জায়গাও তৈরি হবে।’

সম্প্রতি কিছু ক্রিকেট তারকা ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে তাদের বোর্ডের সঙ্গে চুক্তি প্রত্যাহার করেছে। কেউ কেউ আগেভাগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখাচ্ছেন। তবে ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা তৈরি হলে ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বেশি সুযোগ পেলে ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নাও নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন