শিবগঞ্জে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন ও একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৯ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে এই নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫৪ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মা সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষাখাতে।
শিক্ষাখাতে অভাবনীয় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নতুন স্কুল-কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে নতুন ভবন নির্মাণ হয়নি।
শুধু তাই নয়, বিনামূল্যে বই বিতরণ, মেধাবৃত্তি ও উপবৃত্তি প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষাখাতে বেশি বাজেট বরাদ্দ, শিক্ষক নিয়োগ ও মর্যাদা বৃদ্ধি, নতুন বিদ্যালয় স্থাপন, কওমি মাদ্রাসার শিক্ষা, দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি, সাক্ষরতার হার বৃদ্ধি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করছে বর্তমান সরকার।
তিনি আরও বলেন, স্কুলের সীমানাপ্রাচীর হয়েছে, শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোল মডেল।
ডা. শিমুল এমপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার।
তিনি বলেন, বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের হাতে ছেঁড়া ও পুরোনো বই তুলে দেওয়া হতো। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বছরের প্রথমদিনই সারা দেশের শিক্ষার্থীর হাতে চকচকে, ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছেন।
এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করেছেন উল্লেখ করে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, শিক্ষকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার সব সময় আন্তরিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করেছেন। সর্বোপরি তিনি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়ন হবে। তাই উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
এজন্য আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।




