প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান, ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩; সময়: ১২:২০ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলেও ভেতরে থাকা তিন যাত্রীকে জীবন্ত উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ১১ টার দিকে প্রাইভেটকারের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সীতাকুণ্ড মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। এরপর ফৌজদারহাটের একটি দল গিয়ে তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

প্রতক্ষ্যদর্শী তারেক আজিজ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেট কারটি একেবারেই দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কারের ভিতর থাকা যাত্রীরা প্রায় একঘণ্টা আটকে ছিল। এ সময় ভেতর থেকে কান্নার আওয়াজ ও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারে নামে। এ সময় ওই সড়কে যানজট সৃষ্টি হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন