নওগাঁয় টেন্ডারবাজি করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে মানু, আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩; সময়: ৫:৫৮ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক , নওগাঁ : নওগাঁ সদর হাসপাতালে টেন্ডারবাজি করতে গিয়ে ঠিকাদারদের দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ও আহত হয়েছেন  শফিকুর রহমান মামুন ওরফে মানু। কিন্তু পরবর্তীতে এই ঘটনা নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরীর চেষ্টা করছে একটি চক্র এমন অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। শফিকুর রহমান মামুন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

শুক্রবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা। পরে তারা জেলা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে বক্তব্য তুলে ধরেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ।

বক্তব্যে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, ‘গত বুধবার নওগাঁ সদর হাসপাতালে একটি সংঘর্ষের ঘটনায় আমার নাম জড়িয়ে দু’য়েকটি পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আদৌ আমি সেই ঘটনার সাথে সম্পৃক্ত নই। সেখানকার ঠিকাদার কিম্বার অন্য কোন ভাবেই জড়িত নই। অথচ পত্রিকায় আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

নাসিম আরো বলেন, ‘হাসপাতালে যে ঘটনা ঘটেছে। আমার ধারণা, নওগাঁতে হাসপাতাল কেন্দ্রীক দু-চারটা মাথা আছে। কেউ হাট-বাজারের ইজারাগিরি করে, কেউ ব্রীজ-কালভার্ট। তারাই কন্ট্রাক্টারি-টেন্ডারবাজি করে অনেক অনেক টাকা কামিয়েছে। তাদের মধ্যেই ঝামেলা হয়েছে। অথচ পত্রিকায় ভিত্তিহীন ভাবে আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে।’ ওই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা থাকলে রাজনীতি ছেড়ে দেয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন  নাসিম।

হাসপাতালে সংঘর্ষের ঘটনার অনুসন্ধান করে প্রকৃত সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন-  শফিকুর রহমান মামুন ওরফে মানু হাসপাতালে টেন্ডারবাজি করতে গিয়ে প্রতিপক্ষের ঠিকাদারের লোকজনের হাতে মার খেয়েছেন। এর সাথে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই। উদ্দেশ্য প্রনোদিত ভাবে কেউ-কেউ এই ঘটনা নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরীর অপচেষ্টা করছে। তাই সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীলমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল, ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী নান্নু।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন