খুলনা বিদ্যুৎ কেন্দ্রে চুরি, গ্রেপ্তার ১

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩; সময়: ১১:৪৩ am | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে নির্মাণাধীন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদুল সরদার (২২) নামে এক চোরকে গ্রেপ্তার করে পুলিশ।

ফরিদুলের দেওয়া তথ্য মতে খুলনার শেখ পাড়ার একটি ভাঙাড়ির দোকান থেকে ৩০ মিটার লম্বা ক্যাবলটি উদ্ধার করে পুলিশ। চুরি যাওয়া উদ্ধারকৃত ক্যাবলের মূল্য দেড় লাখ টাকা বলে পুলিশ জানায়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটের পূর্ব পাশের দেওয়াল টপকে কয়েকজন চোর ভেতরে প্রবেশ করে। তারা রক্ষিত ক্যাবল কেটে আবার দেওয়াল টপকে চুরি করে নিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে খালিশপুর থানার উপ-পরিদর্শক রিয়াজ রহমান চোরকে শনাক্ত করেন। এরপর বিদ্যুৎ কেন্দ্রের গেট সংলগ্ন মৃত হালিম সরদারের ছেলে ফরিদুলকে গ্রেপ্তার করে ক্যাবলটি উদ্ধার করে।

গত জুলাই মাসের প্রথমদিকে বিদ্যুৎ কেন্দ্রের স্টোর থেকে পূর্বের রক্ষিত আন্ডারলাইন ক্যাবল কেন্দ্রের নিরাপত্তা বিভাগের সহয়তায় পাচার করা হয়েছে, যা ট্রাক ভরে নিয়ে গেছে ব্যবসায়ীরা।

এলকাবাসীর অভিযোগ, নিরাপত্তা বিভাগের সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রে প্রায় চুরির ঘটনা ঘটে। বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করলে চুরির সঙ্গে কারা জড়িত এর আসল রহস্য বেরিয়ে আসবে।

এদিকে চুরি ঘটনায় খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন শহিদুল নামে এক কর্মকর্তা। মামলায় ফরিদুল সরদারকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনীরুল গিয়াস জানান, মালামাল উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির সঙ্গে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন