ওসমানীনগরে এক সঙ্গে ৫ গাড়ির সংঘর্ষ, নিহত ১

পদ্মাটাইমস ডেস্ক : সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে ৫ গাড়ির সংঘর্ষে খলিলুর রহমান (৪৮) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আমিন। খলিলুর রহমানের বাড়ি নোয়াখালীতে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে এক ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর নিহত হন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি মাকছুদুল আমিন বলেন, সকাল ১০টার দিকে দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




