ঈশ্বরদীতে খেলতে গিয়ে বালুচাপা পড়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ইশ্বরদী : পাবনার ঈশ্বরদী উপজেলায় খেলার সময় বালুচাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সাড়া ইউনিয়নের পদ্মার তীরবর্তী সাড়া ৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বালুর ভেতরে এক শিশুর পা দেখতে পেয়ে দুই শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
মৃত শিশুরা হলো সাড়া ইউনিয়নের সাড়া ঝাউদিয়া গ্রামের আহসান হোসেনের ছেলে জিহাদ হোসেন (১১) ও আরশাদ আলীর ছেলে মো. হিমেল (১০)। দুজনই সাড়া পানিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিকেল থেকেই ওই দুই শিশু নদীর পাড়ে স্তূপ করে রাখা বালুর ওপর খেলছিল। কিন্তু সন্ধ্যার আগে তাদের আর দেখা যায়নি। কিছুক্ষণ পর বালুর স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় বালুর ভেতরে এক শিশুর পা দেখতে পান কয়েকজন ব্যক্তি। তাঁরা বালু সরিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে শিশুদের স্বজনেরা তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার কিছুক্ষণ আগে তাদের মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।




