দীর্ঘ খরা কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরেছে বর্ষা

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ১:৪৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : ষড়ঋতুর এ দেশে বর্ষা মানেই জলে থৈ থৈ আমাদের চারপাশ। নয়া পানিতে খাল-বিল ভরে উঠে। বর্ষায় প্রকৃতি সাজে অপরূপ সৌন্দর্যে। কৃষকরা আমন ধান রোপণের জন্য কোমরবেঁধে মাঠে নামে।

নতুন পানিতে দেশী প্রজাতির ছোট ছোট মাছও ডিম ছাড়ে। তবে দীর্ঘ খরায় নাগরিক জীবনে কিছুটা ছন্দপতন ঘটলেও শেষ শ্রাবণে স্বাভাবিক রূপে ফিরেছে বর্ষা।

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে বগুড়ার নন্দীগ্রামে। এতে নন্দীগ্রামের মাঠঘাট বর্ষার পানিতে থৈ থৈ করছে। নতুন পানিতে মাছ ধরার ধুম পড়েছে। বর্ষার পানি পেয়ে স্বস্তি ফিরেছে কৃষকের মনে।

নন্দীগ্রাম পৌর এলাকার শামিম হোসেন বলেন, অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। মাছ ধরার জন্য বারাছি। দেখি মাছ পাই কি না। কৃষক জামাল আলী জানান, বৃষ্টি পানি দেখে ভালো লাগিচ্ছে। সেচ দিয়ে আমন ধান লাগাছি। এখন এই বৃষ্টি পানি পেলে ধান খুব ভালো হবে।

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, বর্ষা মানেই প্রকৃতিতে অপরূপ সৌন্দর্য। এ বছর নন্দীগ্রামে অনেক পরে ভারি বৃষ্টির দেখা মিললো। এখন প্রকৃতিতে প্রাণ ফিরে এসেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন