সুজানগরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ৪:৩২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় বুধবার(০৯ আগস্ট) সারাদেশের ন্যায় পাবনার সুজানগর উপজেলায়ও নতুন মোট ৫৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিস্তারিত তথ্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনায় সুজানগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ে নতুন করে ৫৩ জনসহ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে এবং উপজেলা পরিষদের অর্থে ০৩ টিসহ সর্বমোট ২৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করা হয়।

যাদের জমি ও বাড়ি কোনো কিছুই নেই তাদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতাংশ সরকারের এক নম্বর খাস খতিয়ানভূক্ত সম্পত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেরিত ডিজাইন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নান্দনিক এসব সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করে উপজেলা প্রশাসন।

নতুন এ সব বসতবাড়িতে থাকছে দুইটি শয়নকক্ষ, একটি টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য স্থানীয় ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে।

আর এই প্রকল্পের অধীনে ভূমিহীন-গৃহহীন বিধাব, অসহায়, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে এই ঘরগুলো দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্প সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে তুলে ধরে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সফল ও স্বার্থক করতে সংবাদ সম্মেলনে অংশীজনসহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন