হলুদ মরিচের বস্তায় মিলল ৩৬ কেজি গাঁজা, গ্রেপ্তার ৪

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩; সময়: ১০:৫৩ am | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাতাপাড়া গ্রামে ৩৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পাঠানো জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৭ আগস্ট) রাতে সদর উপজেলার হাতাপাড়া গ্রামে ডিবি পুলিশ একটি তল্লাশি চৌকি বসায়।এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ দাঁড় করিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে বিশেষ কায়দায় লুকানো হলুদ ও মরিচের গুঁড়ার বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৬ কেজি গাঁজা, একটি হলুদ-মরিচ ভাঙার মেশিন, একটি স্যালো মেশিন, একটি বাটন মোবাইল ফোনসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির বাগদূর্গাপুরের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলার মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮), মুন্সিটোলার লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মোকারিম টোলার মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫)।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার ও ডিবি ওসি বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে অভিযানটি চালানো হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন