আত্রাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে শেষ মুহুর্তে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আরও ৪৫টি গৃহহীন পরিবার। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ওই ৪৫ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।এছাড়া এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ হলরুমে গৃহ হস্তান্তর এবং ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেক হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। এছাড়া আত্রাই উপজেলাকে ভূমীহিন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এরপর নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল ৪৫টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল তুলে দেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রটা হোসেন, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠরা জানান, আত্রাই উপজেলায় প্রথম পর্যায়ে ১৭৫টি, দ্বিতীয় পর্যায়ে ১০টি, তৃতীয় পর্যায়ে ৩২টি এবং সর্বশেষ চতুর্থ পর্যায়ে আরও ৪৫টি পরিবারসহ মোট ২৬২টি গৃহহীন পরিবারকে ঘর উপহার দেয়া হয়।




