কচুয়ায় গৃহবধূকে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার সিংআড্ডা গ্রামে বুধবার বিকেলে শালিস বৈঠকে প্রকাশ্যে আকলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
ভূক্তভোগী গৃহবধূ আকলিমা আক্তার জানান, ৯ বছর আগে আমার স্বামী আব্দুর রহিম মারা যান। পরে আমি একই গ্রামের মোবারক হোসেনের ছেলে আলমগীর হোসেনকে ঢাকায় কোর্টের মাধ্যমে বিবাহ করি।
বুধবার বিকেলে কচুয়ার ৬নং উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সিংআড্ডা গ্রামের অধিবাসী ফরিদ আহমেদের বাড়িতে আমার দ্বিতীয় বিয়ের ঘটনাকে কেন্দ্র করে শালিস বৈঠক বসে।
এসময় আমার প্রথম স্বামীর (ভাসুরের ছেলে) ভাতিজা আলমগীর শালিস চলাকালীন সময়ে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে লাঠি (মোর্তাক) দিয়ে বেধড়ক মারধর করে।
এসময় স্থানীয়রা শালিস বৈঠকে গৃহবধু আকলিমা আক্তারের উপর মারধরের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
ভিকটিম ঘটনার দিন রাতে কচুয়া থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক ইউপি সদস্য ফরিদ আহমেদ ও তার ভাই জসিমসহ ৪ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকালে তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
কচুয়া থানার ওসি ইব্রাহীম খলিল বলেন, বুধবার রাতে ভিকটিম আকলিমা আক্তার অভিযোগের ভিত্তিতে রাতেই চারজনকে আটক করা হয়েছে এবং প্রধান আসামী আলমগীরকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।




