নওগাঁয় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ১২:০৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্বরে প্রথমে খাদ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

পরে সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা। তিনি ছিলেন বাঙালির প্রাণের নেতা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন।

কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধ্বংস করতে দেননি। তাই নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদবদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহবান জানান মন্ত্রী।

এছাড়াও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃত্তিতে পুষ্পস্তবক অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন