নাটোরে চালককে চাকু মেরে অটোভ্যান ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে আবু তালেব (৪৫) নামে এক চালকের গলায় চাকু দিয়ে আঘাত করে অটোভ্যান ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বাঁশঝাড় শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই ভ্যানচালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আবু তালেব ওয়ালিয়া কারিগরপাড়ার মৃত আবু বক্করের ছেলে।
পুলিশ জানায়, ওয়ালিয়া বাজার থেকে রামাগাড়ি যাওয়ার কথা বলে যাত্রীবেশে চারজন ছিনতাইকারী আবু তালেবের অটোভ্যানে উঠে। পথে বাঁশঝাড় শাহপাড়া এলাকায় নির্জন স্থানে দুর্বৃত্তরা আবু তালেবের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে অটোভ্যানটি নিয়ে চলে যায়। পরে আবু তালেবের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।




