সাতক্ষীরায় ৭ স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩; সময়: ১:২৯ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৭টি স্বর্ণের বারসহ মাহবুব আলম নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার মাহবুব আলম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ফরহাদ উদ্দিনের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিতুল ইসলাম জানান, ভারতে স্বর্ণ পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়।

এ সময় মাহবুব আলম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৯৯৩ গ্রাম। এর আনুমানিক মূল্য এখনও জানা যায়নি।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন