শিবগঞ্জে জমি বিরোধে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি উভয় পক্ষ শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে গত মঙ্গলবার উপজেলার শ্যামপুর টিকোস দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জমি বিরোধের জেরে গত মঙ্গলবার টিকোস দক্ষিণপাড়া গ্রামের একরামুল হকের ছেলে আবদুল হাকিমের বাড়িঘর ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করে প্রতিপক্ষরা। বাড়ির মালিক আবদুল হাকিম বলেন, স্ত্রী সমিরন বেগম ও ছেলে সুমন আলীকে মারধর করে নগদ অর্থ লুট করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি। অপরদিকে প্রতিপক্ষ সাগর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য মেলেনি। এ বিষয় শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




