লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় হারুনর রশিদ বাবলু (৪০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহত হারুনর রশিদ বাবলু উপজেলার গৌরীপুর গ্রামের মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে।
আহতরা একই এলাকার মক্কেল শাহর ছেলে হামিদুল ইসলাম (৪০), খোদাবক্সের ছেলে আজগর (২৫)। বুধবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর এলাকায় রোগী বহনকারী রাজশাহীগামী একটি প্রাইভেট কারের সামনের ডান দিকের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী প্রাইভেট কারের (রেজি. নং চট্ট মেট্রো-ক ০২-২৪৫২) সামনের ডান দিকের চাকা ব্লাস্ট হলে নিয়ন্ত্রণ হারিয়ে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের (রেজি. নং নাটোর হ-১৪-৫৭৫৬) চালকসহ কয়েকটি চার্জার ভ্যানকে চাপা দেয়।
আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক হারুনর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অহিদুজ্জামান রুবেল বলেন, নিহত ব্যক্তি মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, দুপুরে ঈশ্বরদী থেকে লালপুর গামী সাদা রঙের একটি প্রাইভেটকার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর মোড়ের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি চার্জার ভ্যানকে চাপা দেয়।
এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে মোটরসাইকেল আরোহী হারুনার রশিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক প্রাইভেট কারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




