পত্নীতলায় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩; সময়: ৭:৩০ pm | 
খবর > আঞ্চলিক

মাসুদ রানা, পত্নীতলা : ইন্টার্নশীপ বাতিল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ ৪ দফা দাবিতে পত্নীতলায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় ৩ য় দিনের মতো ম্যাটস একাডেমিক ভবনের মূল গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা । পরে একটি র্যালি ম্যাটস ভবনের সামনে থেকে নজিপুর গোল চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

ম্যাটস শিক্ষার্থীরা বলেন,সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এছাড়াও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান তারা । অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শতাধিক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহ বলেন, শিক্ষার্থীদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করাটা ঠিক হবে না। বাস্তবিক প্রশিক্ষণ না থাকলে তারা রোগীদের প্রাথমিক চিকিৎসার ধারণা থেকেও বঞ্চিত হবে। তারা রোগীদের কি চিকিৎসা দিবে, ইন্টার্নশীপ বহাল থাকা যৌতিক দাবী মনে করছি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন