কাল খাজা হাশেম উদ্দিন (রঃ) ৪৮ তম মৃত্যুবার্ষিকী উদযাপন

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩; সময়: ৭:৫৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : কাল শুক্রবার ১০ ভাদ্র উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, ওলিয়ে কামেল ধর্মীয় নেতা হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর বড় সাহেবজাদা দরবার শরীফের প্রথম সাজ্জাদানশীন হুজুর পাক হযরত মাওঃ আলহাজ্ব খাজা হাশেম উদ্দিন (রঃ) এর ৪৮ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে বিশ্ব শান্তি মঞ্জিল সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে ওফাত দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে উত্তরবঙ্গের বৃহৎ ধর্মীয় সমাবেশে অংশগ্রহনের জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা থেকে আগত হাজার-হাজার ভক্ত জাকেরগণ গত ২ দিন আগে থেকেই সড়ক ও জল পথে এনায়েতপুর দরবার শরীফে অংশ গ্রহন করছেন। আগত এসব ভক্তবৃন্দের থাকা খাওয়া, ওজু-গোসলের জন্য পুর্বে থেকেই ব্যবস্থা গ্রহন করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতভর তাদের জিকির-আজগার, হামদ্-নাত, গজল পরিবেশন, দোয়া-দরুরে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। শুক্রবার বাদ ফজর মাজার জিয়ারত ও মোনাজাত পরিচালনায় বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে ধর্মীয় এই সমাবেশের সমাপ্তি হবে।

একই সাথে খাজা এনায়েতপরী (রঃ) অনুসারী ফরিদপুরের আটরশি, চন্দ্র পাড়া দরবার শরীফ, টাঙ্গাইলের প্যারাডাইস পাড়া দরবার, ঢাকার শ্যামলী বাগী, কুতুব বাগী দরবার, ময়মনসিংহের সম্ভুগঞ্জ দরবার শরীফ সহ ১২শ ওলি-আউলিয়া ও মুরশিদগনের দরবারে এই ওফাত দিবস অত্যান্ত তাৎপর্যের সাথে পালন করা হবে বলে দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছেন।

হযরত মাওঃ আলহাজ্ব খাজা হাশেম উদ্দিন (রঃ) বাংলা ১৩৮২ সনের ১০ ভাদ্র ৬৪ বছর বয়সে মৃত্যু বরন করেন। এরপর থেকেই এনায়েতপুর পাক দরবার শরীফ তথা তাদের অনুগত দরবার শরীফ সমুহে তার মৃত্যু বার্ষিকীতে ওফাত দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন