মহাদেবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত বালু ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাঁন্দাশ ইউপির তংকাশিবপুর আত্রাই নদীতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান।
এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেন। চাঁন্দাশ ইউনিয়নের তংকাশিবপুর এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিশাল বালুচর, ঘর-বাড়ি, বাঁধ ও ফসলী জমি বিলীন হওয়ায় বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে এদিন দুপুরে মানববন্ধন করেন এলাকার জনগন।
এ মানববন্ধনে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী, কয়েকজন ইউপি সদস্যসহ এলাকার কয়েক’শ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ (ওসি), সহকারি কমিশনার (ভূমি)সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর আগে থেকেই বালুমহল ইজারাদারের লোকজন নিয়মমাফিক বালু উত্তোলন না করে নিয়মবর্হিভূতভাবে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছেন। ফলে তাদের পৈত্রিক বসতবাড়ি ও ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।
এতে তংকাশিবপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক মোল্লাসহ আরো কয়েকজন কৃষকের প্রায় ১০ বিঘা জমি নদীতে ধ্বসে পড়েছে। এ অবৈধ বালু উত্তোলন বন্ধে বছরের পর বছর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার না পেয়ে জমি হারানোর শোকে মাত্র কয়েক দিন আগে স্টোক করে মারা যান কৃষক আব্দুর রাজ্জাক মোল্লা।
অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে নদীর তীর ঘেঁসে বালু উত্তোলনের প্রতিবাদ করলে স্থানীয়দের মামলা-হামলাসহ নানা ভয়-ভীতি দেখায় বালু ব্যবসায়ী ও তার সহযোগীরা। অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
অভিযোগ পাওয়ার পর এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত বালু ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের ২ লক্ষ টাকা জরিমানা করেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান বলেন, সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে তা বালু মহাল লীজ এরিয়ার বাহিরে।




