নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৪

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩; সময়: ৫:৩৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাগবজর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩৩), মৃত ইসমাইল হোসেন শেখের ছেলে সুমন শেখ (২০), মৃত মজনু শেখের ছেলে আসলাম শেখ (২২) ও কাশেম আলীর ছেলে জিয়াউল হক শুভ (২০)।

নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি দল ভাগবজর বাজারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এসময় থানার উপপরিদর্শক মজিবর রহমান একদল পুলিশ সদস্য নিয়ে ধাওয়া করে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেন। সেসময় অপর একটি সিএনজিতে করে আরও ৪-৫ আসামি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি চাকু, একটি কাঠের বাট যুক্ত লোহার চাকু, দুইটি লোহার রড, তিনটি সাদা রংয়ের নাইলনের রশি এবং তাদের ব্যাবহিত সিএনজি উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ মঙ্গলবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন