নির্বাচন করার ঘোষণা দিলেন রশিদুল্লাহ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩; সময়: ১:৫৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনা-৪ আসনে (ঈশ্বরদী ও আটঘরিয়া) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উত্তরবঙ্গের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ।

শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে তিনি এ ঘোষণা দিলেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার মূল্যবোধ, বাঙালি জাতির কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে কাজ করতে চাই। তাই আমিও আমার প্রার্থিতা ঘোষণা করলাম।

তিনি আরও বলেন, দল করতে গিয়ে দীর্ঘ সময়ও জেল খেটেছি। দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছি। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অনেক দিন ধরে কাজ করছি।

আশা করি এবারও মনোনয়ন পাব এবং নৌকা প্রতীকেই নির্বাচন করব। তবে যেহেতু আমি দল করি, তাই দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’

মোহাম্মদ রশিদুল্লাহ বলেন, ১৯৬৭ সালে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ হাই স্কুলে পড়ার সময় থেকে তিনি সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এরপর পাবনা এডওয়ার্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। বর্তমানে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন তিনি।

এসময় পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, সহসভাপতি আব্দুল কাদের পিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধাখালেকুজ্জামান টোকন, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এএম সাইফুল হক বাবুল, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন