পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদরের টেবুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা রিফাত আল সিফাত (২১) পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে। এবং চাটমোহরের পাশ্ব ডাঙ্গার মহেলা এলাকার মজনু মাস্টারের ছেলে রুম্মান (২০)।
নিহত সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন।
পাকশী হাইয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা করে ৩ জন ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়েছে বলেও তিনি জানান।




