অবাধ্য মেয়ের প্রেমের বিয়ে, কড়ই গাছের ডালে মিলল বাবার লাশ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩; সময়: ১:১৮ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : ফেনীর সোনাগাজীতে হিরণ চন্দ্র জল দাশ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট আশা অফিসের পাশে এ ঘটনা ঘটেছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হিরণ চন্দ্র জল দাশ ওই এলাকার জেলে বাড়ির বাসিন্দা। তিনি আর্থিক অনটন ও মেয়ের প্রেমঘঠিত বিয়ের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো হিরণ সকাল ৯টার দিকে কুঠির হাটে এসে নাস্তা করে বাড়ির দিকে যান। সাড়ে ১০টার দিকে উন্নয়ন সংস্থা আশা অফিসের পাশে একটি কড়ই গাছের ডালে মাটি থেকে প্রায় ৩০ ফুট ওপরে হিরণের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

হিরণের স্ত্রী হীরা বালা দাস জানান, দীর্ঘদিন ধরে পরিবারের অনটনে মানসিকভাবে ভেঙে পড়ে হিরণ। হয়তো এ চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন।

তবে স্থানীয় চরমজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ হোসেন নিহত হিরণের পরিবারের বরাত দিয়ে জানান, চলতি মাসের শুরুর দিকে হিরণের মেয়ে প্রেম করে গোপনে বিয়ে করে। ছেলে পক্ষ ওই মেয়েকে বউ করে ঘরে না তোলার খবরে সে মানসিক চাপে পড়ে। রোববার রাতেও এ বিষয় নিয়ে হিরণ মোবাইলে ঝগড়া করে। এ ঘটনায় সে আত্মহত্যা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

ওসি মো. হাসান ইমাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন