গুরুদাসপুরে সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে বেসরকারি সেবা সংস্থ্যা এল্ডারলি কেয়ার বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী শিশু থেকে বৃদ্ধ সুবিধা বঞ্চিত এমন তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন দেশবরেণ্য শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।
গুরুদাসপুর উপজেলার খুবজিপুরে অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে দিনব্যাপী এই হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির এতে সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইচ উদ্দিন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় হেলথ ক্যাম্পটির আয়োজন করে এল্ডারলি কেয়ার বাংলাদেশ।
আয়োজক সূত্র জানা গেছে, প্রবীণদের সেবা দিন-আপনার বার্ধক্যের প্রস্তুতি নিন’এই প্রতিপাদ্য নিয়ে চলনবিলের প্রবীণ জনগোষ্টিকে স্বাস্থ্য সেবা প্রদান করতেই শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এল্ডারলি কেয়ার’ বেসরকারি একটি সেবা সংস্থ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান তার জন্মভূমি গুরুদাসপুরের খুবজিপুরে ‘এল্ডারলি কেয়ার’ নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গুরুদাসপুর উপজেলার প্রায় ১ হাজার ৭শ প্রবীণ রোগী এল্ডারলি কেয়ারের সদস্য।
মূলত এসব সদস্যদের বিনামূল্যে বিভিন্ন ধরণের চিকিৎসা দিতেই প্রতি বছর ওই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। শুধু প্রবীণ নন। এল্ডারলি কেয়ারের সদস্য নেই এমন নানা বয়সি আরো প্রায় ১ হাজার ৩শ রোগীও চিকিৎসা সেবা নিয়েছেন।




