চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩; সময়: ৮:৪৬ pm | 
খবর > আঞ্চলিক

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিদেশ থেকে ছুটিতে আসা প্রবাসী রমজান আলী (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

৮ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক ঘোড়া স্টান্ডে এ মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে।

নিহত রমজান আলী সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে সৌদি আরবের একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাসা থেকে বের হয়ে ঘোড়ারস্টান্ডে যাচ্ছিলো প্রবাসী রমজান। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ঘোড়ারস্টান্ডে সোনামসজিদ থেকে আসা পাথর বোঝায় ট্রাকের সঙ্গে বিপর দিক থেকে আসা মোটরসাইকেলে থাকা প্রবাসী রমজান আলীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা ট্রাকের চালককে আটক করলেও পরবর্তীতে সে সুকৌশলে পালিয়ে যায়। ট্রাক নং- ঝিনাইদহ -১১-১২৪৬।

নিহতের শশুর মনিরুল ইসলাম জানান, রমজান আলী ৪ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় পাথর বোঝায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন