তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের প্রতিবাদে নওগাঁয় সংবাদ সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩; সময়: ৩:৪০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও সিগারেট কোম্পানিগুলোর বেপরোয়ার প্রতিবাদে নওগাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে তামাক বিরোধী জোট ও রুরাল এ্যাসোসিয়েশন ফর নিউট্রিশন ইমপ্রুভমেন্টের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তামাক বিরোধী জোট এর সদস্য ফজলুল হক খান সভাপতির বক্তব্যে বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনতে ও নতুনদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করার লক্ষ্যে ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রনয়ন করা হয়। কিন্তু সিগারেট কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বেপরোয়া হয়ে বিভিন্নভাবে বিজ্ঞাপন, প্রচারনা চালিয়ে যাচ্ছে। তরুণ সমাজকে ধূমপানে আকৃষ্ট করে ব্যবসা করাই তাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সম্প্রীতি নওগাঁর ১২টি এলাকায় নানাভাবে তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে, বাজার, বাস স্টেশন ও জনবহুল এলাকায় তামাকের বিজ্ঞাপন ও প্রচারনার হার বেশি। এছাড়াও বিক্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন কোম্পানির সিগারেট খালি প্যাকেট শোকেজের মাধ্যমে সাজিয়ে রেখে অভিনব ও আকর্ষণীয় উপায়ে প্রচারণা চালানো হয়। আইনে অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিক্রেতারা শিশু-কিশোরদের কাছে অবাধে সিগারেট বিক্রি অব্যাহত রয়েছে। শুধু নওগাঁ জেলায় এমন চিত্র নয়, প্রায় সারাদেশেই একই চিত্র।

ফজলুল হক খান বলেন, প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। তাই আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় ও সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে আইন লঙ্ঘনকারী বেপরোয়া সিগারেট কোম্পানিগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ দাবি জানান তিনি।

এসময় তামাক বিরোধী জোট এর সদস্য আকরামুল ইসলাম, শামিমা হোসেন, মর্জিনা বেগম, মহিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন