নওগাঁয় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ শহরের ‘তাজ সিনেমা’ নামক প্রেক্ষাগৃহে চলছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র। প্রতিদিন চারটি শো-তে প্রচুর সংখ্যক দর্শক চলচ্চিত্রটি প্রদর্শন করছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সান্ধ্যকালীন শো-তে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম এবং নওগাঁ-৬ ( আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এবং রাত ৯টা থেকে অনুষ্ঠিত রাত্রিকালীন শো-তে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি তাজ সিনেমা হলে গিয়ে পুরো সিনেমাটি প্রদর্শন করেন।
এ দুটি শো-তে তাদের সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী সিনেমাটি দেখেন। সিনেমা দেখার পর খাদ্যমন্ত্রী এবং সংসদ সদস্যগণ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপন সংগ্রাম চালিয়ে গেছেন।
যারা বলেন কোন এক নেতার ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতা এসেছে তাদের এই সিনেমাটি দেখা উচিত। তাহলে তাদের ভুল ভেঙ্গে যাবে।
কারণ স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট একদিনে সূচিত হয়নি। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন এবং নানা সংগ্রাম আন্দোলনের চিত্র স্পষ্টভাবে প্রস্ফুটিত হয়েছে।




