ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩; সময়: ৩:৩৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সড়কে আধা ঘন্টা ব্যাপী প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইসরাইলের হামলার প্রতিবাদের নিন্দা জানিয়ে লেখা সংশ্লিষ্ট পোষ্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের ৭ সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

পরে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্তরে গিয়ে শেষ হয়।

সেখানে কেওয়াইএইউ এর ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি মুরসালিন মারুফ, ডিবেট ক্লাবের সভাপতি নুসরাত জাহান বুশরা, ল ক্লাবের সভাপতি তাহহীদ হোসেন, বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতি সংঘের সনদ অমান্য করে একের পর এক হামলা চালিয়ে ইসরাইল ফিলিস্তিনের নিরাপরাধ নারী-শিশুসহ নিরস্ত্র সাধারণ মানুষকে নিশংস ভাবে হত্যা করছে। তাদের আর্তনাদে পুরো পৃথিবী আজ বিষাদে পরিণত হয়েছে।

রক্তাক্ত জনপদে ঘরবাড়ি বাস্তহারা মানুষের কান্না আর কতকাল। মানবতা বিরোধী এই অপরাধ আর আমরা সহ্য করতে পারছিনা।

ইসরাইলের ভয়াবহ আগ্রাসন বন্ধে তাই পৃথিবীর সকল দেশ মিলে চাপ প্রয়োগ করে শান্তিপূর্ণ সমাধান করতে হবে।

বিশেষ করে পৃথিবীর সব মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনির অসহায় ভাই-বোনদের পাশে দাঁড়াতে হবে। আমরা আর সহিংসতার পৃথিবী দেখতে চাইনা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন