নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩; সময়: ৬:১৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে প্রতিমা বিসর্জনে উৎসবে পাঁচ শতাধিক নৌকা অংশ নেয়। নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর বিজিবি ব্রিজ থেকে পালপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের দিন এমন নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়।

এই শোভাযাত্রায় নওগাঁ পৌরসভা, সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা ও পাশ^বর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বিভিন্ন এলাকার মণ্ডপ থেকে আসা প্রতিমাবাহী নৌকা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নৌকা এই শোভাযাত্রায় অংশ নেয়।

বিকেল ৩টার পর থেকে নদীর বুকে ছুটে চলা নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের আওয়াজে মুখরিত হয়ে উঠে তিন কিলোমিটার এলাকা। নদীর দুপাড়ে দাঁড়িয়ে সব ধর্মের নারী-পুরুষ, শিশু, কিশোর এ দৃশ্য উপভোগ করেন। নৌ শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ছোট যুমনা নদীর দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এর আগে দুপুরে পর থেকেই নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপে দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ার পর শুরু হয় ভক্তদের সিঁদুর খেলা। হিন্দু ধর্মাবলম্বী নারীরা একে অন্যকে রাঙিয়ে দেন সিঁদুরে। চলে ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। প্রতিমা বিসর্জন উপলক্ষে ছোট যমুনা নদীর দুপাড়সহ শহরজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে এ বছরের মতো শেষ হয় শারদীয় দুর্গোৎসব। এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৮২৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় ঘটে (ঘোড়া) চড়ে মর্ত্যালোকে (পৃথিবী) আসেন। আবার ঘটে করেই স্বামীর বাড়ি কৈলাশে ফেরেন। সনাতন ধর্মাবলাম্বীরা বিশ্বাস করেন, ঘটে দেবী দুর্গার আসা ও যাওয়া অশুভ লক্ষণ। ঘটে করে আসার মধ্য দিয়ে দেবী অশুভ শক্তিকে মোকাবিলা করার জন্য মর্তবাসীকে সর্তক করে গেলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন