সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে এনায়েতপুর জুড়ে শোক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সাবেক যোগাযোগ মন্ত্রী, আওয়ামী লীগ নেতা মাদারীপুর-৩ আসনের বার বার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে তার শ্বশুর বাড়ির এলাকা সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জুড়ে শোক বিরাজ করছে।
শোকে বিহবল উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, সুফি সাধক, হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী রঃ এর পাক দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর শ্বশুর খাজা কামাল উদ্দিন নুহু মিয়াসহ পুরো পরিবার।
তার স্মৃতি বিজরিত পুরো দরবার শরীফ সহ এখানে নিজ বাড়ির এলাকা জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা।
মানবতাবাদী দেশ প্রেমিক সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর হাট বনিক সমিতির সাবেক সভাপতি মির্জা ছানোয়ার হোসেন বাচ্চু, সামাজিক সেবা সংগঠন একুশে ফোরাম, গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তারা বলেছেন, সৈয়দ আবুল হোসেন আমাদের পরম প্রিয় মানুষ ছিলেন। তিনি দেশ জুড়ে নানা ভাবে যেমন উন্নয়ন, অগ্রগতীতে ভুমিকা রেখেছেন।
তেমনি শ্বশুর বাড়ির এলাকা এনায়েতপুর তথা সিরাজগঞ্জ জেলাকে যথাযথ গুরুত্ব দিয়েছেন। এনায়েতপুর থানা প্রতিষ্ঠা, সয়দাবাদ-এনায়েতপুর পৃথকলেন রাস্তা নির্মাণসহ এ অঞ্চলের মানুষকে নানা ভাবে সহযোগীতা করেছেন।
তার মৃত্যুতে জাতি একজন সৎ আদর্শবান রাজনৈতিক দেশ প্রেমিককে হারালো। যা কখনো পুরন হবার নয়। আমরা তার বিদেহী আত্মার শাস্তি কামনা করছি।
সৈয়দ আবুল হোসেনের শ্বশুর বাড়িই শুধু এনায়েতপুরে নয়, নিজের থাকার জন্যও এখানে আলাদা বাড়ি করেছেন তিনি।
বছরে কয়েক বার তিনি এনায়েতপুরে আসতেন ও মানুষের খোঁজ খবর নিতেন। যেকারো প্রয়োজনে থাকতেন পাশে। তাই তার মৃত্যুর খবরে সকলের মাঝে শোক ছড়িয়ে পড়েছে।
এদিকে সৈয়দ আবুল হোসেনের পারিবারিক সুত্রে জানা গেছে, তার দুই মেয়ে আমেরিকা থেকে আসলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন গত বুধবার ভোর রাত ২টার দিকে ঢাকার ইউনাইটেড হসপিটালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান।




