সৈয়দ আবুল হোসেনের শেষ জানাজা ও দাফন শুক্রবার

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ৪:৫২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনের বার-বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন (৭২) এর শেষ জানাজা নামাজ কাল শুক্রবার বাদ জুমা উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পাক দরবার শরীফে অনুষ্ঠিত হবে। পূর্ব ইচ্ছানুযায়ী তাকে এখানে দাফন করা হবে বলে পারিবারিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি গ্রহন করে ধর্মপ্রাণ মুসুল্লীদের অংশ নেবার জন্য দরবার শরীফ কর্তৃপক্ষ আহবান জানিয়েছেন। এ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার তিনি জামাতা। এছাড়া দরবার শরীফের ধর্মীর সকল কাজে অন্যতম খেদমতকারী হিসেবে দীর্ঘ দিন ধরে সৈয়দ আবুল হোসেন নিয়জিত ছিলেন। এ গ্রামে তার নিজেরও বাড়ি রয়েছে।

এদিকে বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ ও পরে কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার মাদারীপুরে তার নিজ এলাকায় তৃতীয় জানাজার পর এনায়েতপুরে হেলিকপ্টার যোগে আনা হবে তার লাশ।

এর আগে গত বুধবার ভোরে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর জানার পর থেকে তাঁর শ্বশুরবাড়ির এলাকা সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জুড়ে শোক বিরাজ করছে। শোকে বিহবল তার শ্বশুর সাজ্জাদানশীন পীর শ্বশুর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া সহ পুরো পরিবার ও অন্যান্য স্বজনেরা। তার স্মৃতি বিজরিত পবিত্র দরবার শরীফ সহ এখানে গড়া নিজ বাড়ির এলাকা জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা।

বছরে কয়েকবার তিনি এনায়েতপুরে আসতেন ও মানুষের খোঁজ খবর নিতেন। যেকারো প্রয়োজনে থাকতেন পাশে। মৃত্যুকালে সৈয়দ আবুল হোসেন স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে মানবতাবাদী দেশ প্রেমিক সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর হাট বনিক সমিতির সাবেক সভাপতি মির্জা ছানোয়ার হোসেন বাচ্চু, সামাজিক সেবা সংগঠন একুশে ফোরাম, গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তারা বলেছেন, মানবিক সামাজিক অনন্য উদার গুনের সৈয়দ আবুল হোসেন ছিলেন আমাদের সকলের পরম প্রিয় শ্রদ্ধাভাজন। তিনি দেশ জুড়ে যেমন নানা ভাবে উন্নয়ন, অগ্রগতিতে ভুমিকা রেখেছেন। তেমনি শ্বশুরবাড়ি এলাকা এনায়েতপুর তথা সিরাজগঞ্জ জেলাকে যথাযথ গুরুত্ব দিয়েছেন। এনায়েতপুর থানা প্রতিষ্ঠা, সয়দাবাদ-এনায়েতপুর পৃথকলেন রাস্তা নির্মাণ সহ এ অঞ্চলের মানুষকে নানা ভাবে সহযোগিতা করেছেন। তার মৃত্যুতে জাতি একজন সৎ আদর্শবান রাজনৈতিক দেশ প্রেমিককে হারিয়েছে। তার অভাব কখনো পূরণ হবেনা। আমরা তার বিদেহী আত্মার শাস্তি কামনা করছি।

উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন মাদারীপুরের ডাসার উপজেলার বেতগ্রামে ১৯৫১ সালের ১ আগষ্ট জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, লেখক সহ নানা গুনের অধিকারী। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী ও ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামীলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন