ঈশ্বরদীতে অবরোধের সমর্থনে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : সারাদেশে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার টানা অবরোধের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে উপজেলার দাশুড়িয়া গোল চত্ত্বর এলাকায় মিছিল শেষে দ্রুত চলে যান তারা।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এ সময় তারা অবরোধের পক্ষে এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে ওই এলাকায় টহল জোরদার করে।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক হাফিজুর রহমান খান, পেশাজীবি সম্পাদক ডাঃ মুনসুর রহমান ও প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম প্রমূখ।
এদিকে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চলতে দেখা গেছে। তবে শহরের রেলগেট থেকে দূরপাল্লার কোনো যান চলাচল দেখতে পাওয়া যায়নি।
ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় ট্রেন চলাচল স্বাভাবিক। দুপুরে কলকাতা ও ঢাকার মধ্যে যাতায়াতকারী মৈত্রী এক্সপ্রেস রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। এছাড়া সাগরদাঁড়ি, টুঙ্গিপাড়া ও মহানন্দা ট্রেনও অতিক্রম করেছে।
শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। ঈশ্বরদী-পাবনা মহাসড়কে পুলিশ টহল করতে দেখা গেছে।




