চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ২ জনের মৃত্যু 

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩; সময়: ৯:১৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ২ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার স্কুল পাড়া গ্রামের মোঃ শাহিন আলীর ছেলে মোঃ হোসাইন (১১) ও আবু তালেবের ছেলে মারুফ (১৯)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় সদর উপজেলার বারঘরিয়া চামাগ্রাম এলাকায় মহানন্দা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে হোসাইন গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এ সময় মারুফ হোসাইনকে উদ্ধার করতে গিয়ে দু’জনেই পানির নিচে একসাথে তলিয়ে যায়।

পরে সেখানে থাকা লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে বিকাল আনুমানিক সারে ৪ টার সময় তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে মোঃ হোসাইন ও মারুফ নামে দুইজন নিখোঁজ হয়েছিলেন তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন