নাটোরে আ.লীগের ২ গ্রুপের অবরোধ বিরোধী কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে আওয়ামী লীগের দুটি গ্রুপ পাশাপাশি অবস্থান নিয়ে বিএনপিসহ সমমান দলের ডাকা অবরোধ বিরোধী শান্তি সমাবেশ করেছে।
এছাড়া উভয় গ্রুপই মোটর সাইকেল শোডাউনসহ মিছিল করে। শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ মঞ্চের পাশেই স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে শান্তি সমাবেশ করে।
স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে অবরোধ বিরোধী মোটর সাইকেল র্যালী নিয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে শিশুল সমর্থকরা শহরে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করে।
পরে তারা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতা করেন। জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান চৌধুরী এহিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তারুল ইসলাম আলম, রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
দুপুর ১ টার দিকে সংসদ সদস্য শফিকুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেন। বক্তব্য শেষে এমপি শিমুলের নেতৃত্বে অবরোধ বিরোধী মোটর সাইকেল র্যালী বের করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, প্রভাষক আবকরামুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সফিউল আযম প্রমুখ।
অপরদিকে একই এলাকায় পাশাপাশি অবস্থানে জেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, আনিসুর রহমান, সৈয়দ মোস্তাক আলী মুকুল, ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ প্রমুখ।
এর আগে ছাত্রলীগ নেতা কর্মীরা শহরে একটি অবরোধ বিরোধী মোটরসাইকেল র্যালী বের করে।
এদিকে আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ একই এলাকায় পাশাপাশি অবস্থান নিয়ে অবরোধ বিরোধী কর্মসুচী পালন করায় জনমনে আতংক বিরাজ করে। অনেকেই আতংক নিয়ে সময় কাটিয়েছেন।
বিএনপি জামায়াতের ডাকা প্রথম দফা অবরোধের তৃতীয় দিনে ২ নভেম্বর অবরোধ বিরোধী কর্মসুচী পালনের সময় এই দুটি পক্ষই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়।
ভাংচুর করা হয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির ব্যক্তিগত কার্যালয়। এই সময় গুলি বর্ষণের ঘটনাও ঘটে। এই দুটি সংর্ঘষের ঘটনার পর রাতে সদর হাসপাতাল বস্তি এলাকা থেকে ম্যাগজিনসহ ১টি পিস্তল ও ১টি খেলনা রিভলবার উদ্ধার করে পুলিশ।




