কচুয়ায় অগ্নিকান্ডে ৮ দোকান ভষ্মিভূত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া পৌর বাজারে সোমবার মধ্যরাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। ভষ্মিভূত দোকানগুলো হলো- মহসিনের মুদি দোকান, আরিফ হোসেনের বস্ত্র বিতান, নুরু মিয়ার ঘড়ি দোকান, সালাউদ্দিনের কসমেটিক্স, আব্দুর রহমানের কসমেটিক্স, বিল্লাল হোসেনের মোবাইল, নুরুল্লাহর টি হাউজ ও বশির উল্যাহর জুতার দোকান।
অগ্নিকান্ডে প্রায় ১কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে দ্রুত কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫শ গজ দূরের থানা পুকুর থেকে পানি এনে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘন্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইউএনও এসহান মুরাদ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




