ভারতের কোচ হওয়া প্রসঙ্গে কী বললেন গম্ভীর

পদ্মাটাইমস ডেস্ক : রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতের কোচ হতে পারেন গৌতম গম্ভীর, এমন জল্পনা-কল্পনা অনেক দিন ধরেই। আইপিএল শেষে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। তবে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন গম্ভীর নিজে। জানিয়েছেন, দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু নেই।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের দায়িত্ব ছাড়বেন রাহুল দ্রাবিড়। গত মাসের মাঝামাঝিতে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, দ্রাবিড় পরবর্তী ভারতের দায়িত্ব নিতে গম্ভীরের সঙ্গে যোগাযোগ করেছে বোর্ড। সে সময় আইপিএল চলায় আলোচনায় বসতে পারেনি দুই পক্ষ। কারণ তখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মেন্টরের দায়িত্ব পালন করছিলেন গম্ভীর। তাই আইপিএল শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল।
কিন্তু এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো ঘোষণা দেয়নি বিসিসিআই। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন ছিল ২৭ মে। বোর্ডের আগ্রহ থাকলেও গম্ভীর আবেদন করেছিল কিনা সেটা নিয়েও রয়েছে সংশয়। তবে দুবাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাবেক ভারতীয় ব্যাটার জানিয়েছেন, দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু নেই।
গম্ভীর বলেন, ‘ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।’
এর আগে শুক্রবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে গম্ভীরের উপর আস্থা দেখিয়েছিলেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিও। তিনি বলেন, ‘গম্ভীর কী আবেদন করেছে? আমি জানি না। আগে তো আবেদন করতে হবে। আমার মনে হয় ২৭ মে শেষ দিন ছিল আবেদন করার। তবে বোর্ড চাইলে সেই দিন বৃদ্ধি করতেই পারে। যদি গম্ভীর আবেদন করে থাকে আর ও যদি কোচ হতে চায়, তা হলে ও ভালো কোচ হতে পারে। গম্ভীর আবেদন করলে আমি খুশিই হব। বোর্ড যদি ওকে দায়িত্ব দেয়, আমি তা হলে বলব এই দায়িত্ব পালনের জন্য ও যোগ্য।’
আবেদনের দিন শেষ হয়ে গেলেও বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, ‘ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করার দিন শেষ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও কিছু দিন সময় নিতে চাইবে। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আরও একটু ভাবতে চাইবে। দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত। তার পর শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সিরিজে সিনিয়রদের বিশ্রাম দেয়া হবে। সেখানে জাতীয় ক্রিকেট একাডেমির কোচেরা যাবেন দলের সঙ্গে। তাই কোনো তাড়া নেই।’
আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা নেই গম্ভীরের। তবে মেন্টর হিসেবে সফলভাবেই তিন বছর কাজ করছেন আইপিএলে। গত দুবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে থাকাকালীন দলকে প্লে-অফে তুলেছিলেন। আর চলতি আসরে তার অধীনে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে।




