সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ইউক্রেন

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪; সময়: ২:৪৫ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : ফুটবলের মতো ফুটসালেও সফলতম দল ব্রাজিল। ফিফা ফুটবল বিশ্বকাপের মতো ফুটসালের বিশ্বকাপও আয়োজন করে থাকে। ফুটসাল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া দলটার নাম ব্রাজিল। গত পাঁচটি ফুটবল বিশ্বকাপে হেক্সা মিশনে গিয়ে প্রতিবার ব্যর্থ হয়েছে ব্রাজিলিয়ানরা। হেক্সা জয়ের সুযোগ এবার ফুটসালেও। তার জন্য দরকার আর মাত্র দুটি ধাপ পাড়ি দেয়া। যার প্রথমটিতে তাদের প্রতিপক্ষ ইউক্রেন।

ফিফা ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ বুধবার (২ অক্টোবর) প্রথম সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ইউক্রেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

২০১২ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবার অতিরিক্ত সময়ে স্পেনকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল হলুদ জার্সিধারীরা।

২০২১ সালেও সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল। শেষ পর্যন্ত অবশ্য তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

হেড টু হেডে অবশ্য সেমিফাইনালের প্রতিপক্ষ ইউক্রেনের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে ব্রাজিল। দুই দল এখন পর্যন্ত ৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে তিন ম্যচেই জয় পেয়েছে ব্রাজিল। বাকি ম্যাচটি ড্র হয়। দুই দলের সবশেষ দেখা ২০১৬ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে। সে দেখায় বাজিল ৩-১ গোলে জয় পেয়েছিল।

এবারের আসরে এখন পর্যন্ত সব কয়টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই কিউবাকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ক্রোয়েশিয়াকে ৮-১ এবং ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এরপর শেষ ষোলোয় কোস্টারিকাকে ৫-০ এবং কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এবারের আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৩৫ গোল করা ব্রাজিল হজম করেছে মোটে ৩ গোল।

অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ৭-১ গোলের হার দিয়ে আসর শুরু করে ইউক্রেন। এরপর অ্যাঙ্গোলাকে ৭-২ এবং আফগানিস্তানকে ৪-১ গোলে হারায় তারা। শেষ ষোলোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলে এবং কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৯-৪ গোলে হারায় ইউক্রেন।

সেমিফাইনাল ম্যাচটি সারা বিশ্বের ফুটসালভক্তরা চাইলেই সরাসরি দেখতে পারবেন। ফিফা প্লাস বিনামূল্যে ফুটসাল বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সের মুখোমুখি হবে। এই ম্যাচটিও তাসখন্দের হুমো অ্যারেনায় রাত ৯টায় শুরু হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন