ভেরেইনের শতক, ম্যাচ থেকে ছিটকে পড়ছে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম দিনে ১৬ উইকেটের পতন হয়েছিল। বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার পর সমান রান তুলতে দক্ষিণ আফ্রিকাও ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় দিনে প্রতিরোধ গড়ে তুলেছে প্রোটিয়ারা। কাইল ভেরেইন ও উইয়ান মুল্ডারের জুটি প্রোটিয়াদের বড় লিড এনে দিয়েছে। অর্ধশতক করে মাল্ডার বিদায় নিলে দ্রুত কেশভ মহারাজকেও তুলে নিয়েছিল টাইগাররা। কিন্তু গলার কাঁটা হয়ে থাকা ভেরেইন বাংলাদেশকে এক প্রকার ম্যাচ থেকে ছিটকেই দিয়েছেন।
মিরপুরে হোম অব ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিয়েছেন কাইল ভেরেইন। তাইজুল ইসলামের করা ৮৬তম ওভারের তৃতীয় বলে সিঙেল নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করেন তিনি। তার ইনিংসে আছে ৮টি চারের মার।
ভেরেইনের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৯২ রান। ফলে এরই মধ্যে ১৮৬ রানের লিড নিয়ে ফেলেছে প্রোটিয়ারা।
৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনেই ২ উইকেট হারিয়ে ১০৩ রান যোগ করে প্রোটিয়ারা। এখানে বড় অবদান রেখেছেন মুল্ডার–ভেরেইনের জুটি। এই দুইজনের গড়া ১১৯ রানের জুটি বাংলাদেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পিচে বেশ সুইং লক্ষ্য করা গেছে। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার শন পলক বলেছিলেন, দ্বিতীয় দিনেও সুইং পাবে স্পিনের পাশাপাশি পেসাররা। আর হয়েছেও তাই। তবে সুইং কাজে লাগাতে পারেনি তাইজুল-মিরাজরা।
প্রথম দিনে ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম বলে সুইং পেলেও উইকেটের দেখা পাননি। সকালে পাওয়া দুইটি উইকেটই হাসান মাহমুদের নামে। ইনিংসের ৬৫তম ওভারের শেষ দুই বলে প্রথমে মুল্ডার আর তার পরের বলে কেশব মহারাজকে আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ।
কিন্তু নবম উইকেট জুটিতে ভেরেইনকে দারুণ সঙ্গ দিচ্ছেন ড্যান পিডট। ৮৬ বলে ৩২ রানে ব্যাট করছেন তিনি। এই জুটিতে প্রোটিয়াদের স্কোরকার্ডে যোগ হয়েছে ৬৫ রান।




