আসছে তরুণ লেখক স্মৃতির গল্পগ্রন্থ ‘কান্না রঙের মুহূর্ত’

পদ্মাটাইমস ডেস্ক : মানুষ কি করে প্রিয় মানুষকে খুন করতে পারে, একা থাকতে থাকতে কি করে একজন সাইকো কিলার হতে পারে, ধর্মের কারণে কি করে মানুষ তার প্রিয় মানুষকে ছেড়ে দিতে পারে, সমস্ত কিছু হারিয়ে মায়ের দাফনের জন্য নিজের শেষ সম্বল দিয়ে দিতে পারে- এমনই বিভিন্ন কাহিনী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক সবনাজ মোস্তারী স্মৃতির গল্পগ্রন্থ ‘কান্না রঙের মুহূর্ত’।
জানা গেছে, অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে এ গল্পগ্রন্থটি প্রকাশিত হবে। দূরবীন থেকে বইটির প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। ইতোমধ্যে রকমারিতে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।

প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, এটি মূলত বিরহ-প্রেমের গল্প। এ গল্পগ্রন্থে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনের উত্থান-পতন, পূর্নতা-অপূর্ণতা, ক্ষোভ ও রাগ ইত্যাদি।
লেখক সবনাজ মোস্তারী স্মৃতি বলেন, ‘এই গল্পগ্রন্থটির গল্পগুলো একেক সময়ে একেক ভাবে লেখা। কখনো মন খারাপ, কখনো ভালো লাগা, আবার কখনো বা ভীষণ পরিমাণে রাগ। সব মিলিয়ে এই গল্পগ্রন্থটি পাঠকদের মনে এক ভিন্নরকম অনুভূতির সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, মূলত আমাদের চারপাশে প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটে, যার সঙ্গে আমরা পরিচিত তো ঠিকই। কিন্তু সেই ঘটনার মধ্যে যে কত রকমের অনুভূতি কিংবা গল্প লুকিয়ে থাকে তা কয়জনই বা দেখতে পাই! আর দেখা-অদেখা সবটা মিলেই গড়ে ওঠা গল্পগ্রন্থ হচ্ছে এই ‘কান্না রঙের মুহূর্ত’।




